গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, ২৫ কারখানায় ছুটি

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, ২৫ কারখানায় ছুটি

বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের দ্রুত সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার বিভিন্ন এলাকার ২০ থেকে ২৫টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল থেকে নাওজোড়, ভোগড়া, কোনাবাড়ী, মৌচাক, সফিপুর ও পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকেরা জড়ো হয়ে সড়ক অবরোধের চেষ্টা চালান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের সরিয়ে দেয়। তবে কোথাও বড় ধরনের সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকালে বিভিন্ন কারখানার শ্রমিকেরা প্রতিদিনের মতো কাজে যোগ দিতে আসেন। এ সময় কয়েকটি এলাকায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। শ্রমিকদের বিক্ষোভ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন এলাকার ২০ থেকে ২৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল।

এর আগে সকাল ৮টার কিছু আগে কালিয়াকৈরের মৌচাক এলাকায় একদল শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। এর বাইরে জেলার অন্য কোথাও বড় ধরনের সড়ক অবরোধের ঘটনা ঘটেনি বলে পুলিশ জানিয়েছে।

এদিকে শ্রমিক অসন্তোষ মোকাবিলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত সোমবার গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন থাকলেও মঙ্গলবার তা বাড়িয়ে ১১ প্লাটুন করা হয়েছে। একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা ২১ জন থেকে বাড়িয়ে ২৫ জন করা হয়েছে। তাদের নেতৃত্বে বিজিবি সদস্যরা বিভিন্ন এলাকায় টহল ও দায়িত্ব পালন করছেন।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষের কারণে পূর্বে বন্ধ থাকা কয়েকটি কারখানা আজ মঙ্গলবার পুনরায় খুলে দেওয়া হয়েছে। তবে ঠিক কয়টি কারখানা খুলেছে, তা তিনি সুনির্দিষ্ট করে জানাতে পারেননি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন