গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় পোশাকশ্রমিক নিহত

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় পোশাকশ্রমিক নিহত

গাজীপুরের ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম লেনে প্রাইভেটকারের ধাক্কায় আব্দুল কুদ্দুস নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেটকার ভবানীপুর বাজার অতিক্রম করার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ফকিরা গার্মেন্টসের সামনে এসে রাস্তার পাশে থাকা একটি রিকশাভ্যানের সঙ্গে ধাক্কা খায়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আব্দুল কুদ্দুস (৩৫) গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

বিজ্ঞাপন

নিহত আব্দুল কুদ্দুস ভোলা জেলার চরফ্যাশন থানার নুরাবাদ এলাকার বাসিন্দা। তিনি গাজীপুরের মির্জাপুর বিশুইয়া কুড়িবাড়ি এলাকায় অবস্থিত এনএ জেড বাংলাদেশ লিমিটেড (ফকিরা গার্মেন্টস) কারখানার কাটিং সেকশনে সহকারী কাটারম্যান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় বাসিন্দা মুঞ্জু মিয়া জানান, কুদ্দুস দীর্ঘদিন ধরে এলাকায় ভাড়া বাসায় থেকে রাজেন্দ্রপুরে কর্মরত ছিলেন। ঘটনার দিন কর্মস্থলে যাওয়ার আগে তিনি পাশের একটি হোটেলে খাবার খেয়ে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুর্ঘটনাটি ঘটে।

এ বিষয়ে সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন