ধামরাইয়ে কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

উপজেলা প্রতিনিধি, ধামরাই (ঢাকা)

ধামরাইয়ে কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

ঢাকার ধামরাইয়ে গৃহবধূ মৃত্যুর ছয় মাস পর আদালতের নির্দেশে তদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি'র উপস্থিতিতে রামভদ্রপাড়া এলাকার কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়।

রূপা আক্তার (২৫) ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের আমড়াইল রাঙ্গাপাড়া এলাকার মো. জাকির হোসেনের স্ত্রী। গতবছরের ২৮ নভেম্বর রাতে বাইশাকান্দা বাগাইর এলাকার একটি টিনশেড বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রথমে ঘটনাটি আত্মহত্যা হিসেবে ধরা হলেও পরে নিহতের পরিবার পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ এনে তার দেবর পুলিশ সদস্য শাওন হাসানের বিরুদ্ধে আদালতে মামলা হয়।

পরিবারের অভিযোগ, পুলিশ সদস্য শাওন হাসানের সঙ্গে দীর্ঘদিন ধরে রূপার প্রেমের সম্পর্ক চলছিল। ঘটনার দিন রাতেও তাকে রূপার বাসায় যেতে দেখা গেছে বলে দাবি স্থানীয়দের। পরে রূপাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের চার বছরের শিশুকন্যা জিনিয়ার বক্তব্যে ঘটনায় নতুন মাত্রা যোগ করে। শিশুটির দাবি, তার মাকে গলা টিপে ও রশি দিয়ে হত্যা করা হয়েছে।

আদালতের নির্দেশে লাশ উত্তোলনের পর তদন্তের জন্য পাঠানো হয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আদালতের নির্দেশে লাশ উত্তোলন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা এসআই মো. খালেদ, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আকিব হোসেন, নিহতের স্বামী জাকির হোসেনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...