শ্রীপুরে কলেজছাত্রী অপহরণ, ছাত্রদল নেতা বহিষ্কার

শ্রীপুরে কলেজছাত্রী অপহরণ, ছাত্রদল নেতা বহিষ্কার
অভিযুক্ত ছাত্রদল নেতা মো. রিজভী। ছবি: আমার দেশ

গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মো. রিজভী (২৪) নামে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে রিজভী, তার বাবা মনির হোসেন ও মা নিলুফা আক্তারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের পরপরই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিজভীকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করেছে গাজীপুর জেলা ছাত্রদল।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী বাড়ির সামনের একটি দোকানে কেনাকাটা করতে যান। এ সময় রিজভী কয়েকজন সহযোগীকে নিয়ে সেখানে অবস্থান করছিলেন। ছাত্রী দোকানের সামনে গেলে তাকে টেনে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছে তার পরিবার।

বিজ্ঞাপন

স্বজনদের অভিযোগ, কলেজে যাতায়াতের পথে রিজভী দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি তার মা-বাবাকে জানানো হলেও তারা ছেলেকে শাসন না করে উল্টো ছাত্রীর পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দেন। তবে ছাত্রীর পরিবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে।

ঘটনার পরপরই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৮ সেপ্টেম্বর গাজীপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সরকার মো. রাকিব হোসেন স্বাক্ষরিত এক পত্রে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ থেকে রিজভীকে বহিষ্কারের কথা জানানো হয়।

গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) সোহাগ হোসেন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ ওঠায় রিজভীকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ছাত্রদল নেতা রিজভীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মাওনা পুলিশ ফাঁড়িরএসআই শাহিনুর ইসলাম জানান, সোমবার অভিযোগ পাওয়ার পরপরই কলেজছাত্রীর স্বজনদের দেখানো অনুযায়ী বিভিন্ন বাড়িতে অভিযান চালানো হয়েছে। তবে এখনো কলেজছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন