বকেয়া বিলে কুলিয়ারচরে ফায়ার সার্ভিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বকেয়া বিলে কুলিয়ারচরে ফায়ার সার্ভিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বকেয়া বিদ্যুৎ বিলের কারণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনসহ পাঁচটি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। সোমবার দুপুরে কুলিয়ারচরের বিভিন্ন এলাকায় বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোতে প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, কুলিয়ারচর ফায়ার সার্ভিস স্টেশনের দুই অর্থবছরে মোট ২ লাখ ১৯ হাজার ২৮৮ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এর মধ্যে এক অর্থবছরে ১ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা এবং অপর অর্থবছরে ৮৪ হাজার ৬০৮ টাকা বকেয়া রয়েছে।

অভিযানে আরো একটি ওয়ার্কশপের ৪৮ হাজার ৮১ টাকা, একটি পোল্ট্রি ফার্মের ১ লাখ ৮ হাজার ৫৮১ টাকা এবং দুটি কয়েল ফ্যাক্টরির মোট ৫ লাখ ৭০ হাজার ৯৭৪ টাকা বকেয়া বিদ্যুৎ বিল পাওয়া যায়। এসব প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এতে ময়মনসিংহের বাণিজ্যিক পরিচালন বিভাগের অতিরিক্ত পরিচালক আতাউর রহমান এবং আঞ্চলিক হিসাব দপ্তরের উপপরিচালক সত্যজিৎ সরকার নেতৃত্ব দেন।

কুলিয়ারচর আবাসিক প্রকৌশলী মো. তৌহিদুল হাসান বলেন, দীর্ঘদিনের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করা প্রতিষ্ঠানগুলোতে প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে। এখন থেকে তারা প্রিপেইড মিটারের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করতে পারবে। বকেয়া বিল পরিশোধের পর নিয়ম অনুযায়ী সংযোগ পুনঃস্থাপনের ব্যবস্থা করা হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান হওয়ায় এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা ও বিভিন্ন উদ্ধার কার্যক্রমে তাৎক্ষণিক সাড়া দিতে হয় প্রতিষ্ঠানটির কর্মীদের। ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় স্টেশনের স্বাভাবিক কার্যক্রমে কোনো প্রভাব পড়ছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, অভিযানে সংযোগ বিচ্ছিন্ন করা পাঁচ প্রতিষ্ঠানের মোট বকেয়া বিদ্যুৎ বিল ৯ লাখ ৪৬ হাজার ৯২৪ টাকা।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন