আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শোলাকিয়ায় ঈদ জামাতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

স্টাফ রিপোর্টার

শোলাকিয়ায় ঈদ জামাতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ঈদুল ফিতর উপলক্ষে দেশের সর্ববৃহৎ ঈদ জামাতকে ঘিরে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠ এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ বছর ১৯৯তম ঈদ জামাতকে কেন্দ্র করে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

শুক্রবার নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)'র অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

জামাতে লাখো মুসল্লির সমাগমকে সামনে রেখে আগতদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মোতায়েনকৃত বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলবে। মাঠে প্রবেশ ও বের হওয়ার পথে থাকবে বিশেষ নজরদারি।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মুসল্লিদের প্রতি কিছু নির্দেশনা দেওয়া হয়েছে— নির্ধারিত প্রবেশপথ ব্যবহার করতে হবে কোনো প্রকার ব্যাগ, ধারালো অস্ত্র বা সন্দেহজনক বস্তু বহন করা যাবে না নিরাপত্তা তল্লাশিতে সহযোগিতা করতে হবে

বিজিবি জানিয়েছে, সীমান্ত রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও তারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। প্রতি বছরের মতো এবারও শোলাকিয়ার ঈদ জামাতকে শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা হয়েছে।

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে প্রায় দুই শতাব্দীর বেশি সময় ধরে বৃহৎ পরিসরে ঈদ জামাত অনুষ্ঠিত হয়ে আসছে, যা দেশের অন্যতম বড় ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন