মাছ ছিনতাইয়ের অভিযোগে বিএনপির সাবেক এমপির ছেলে আটক

উপজেলা প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

মাছ ছিনতাইয়ের অভিযোগে বিএনপির সাবেক এমপির ছেলে আটক

কিশোরগঞ্জের বাজিতপুর-নিকলী আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান মুঞ্জুর ছেলে মফিজুর রহমান সুমনকে (৪৫) মাছভর্তি একটি গাড়ি ছিনতাইয়ের অভিযোগে আটক করেছে পুলিশ।

জানা গেছে, বাজিতপুর উপজেলার শাহরামপুর গ্রামের মাছ চাষি আবু তাহের ২০ ড্রাম পাঙ্গাশ নিয়ে রোববার সকালে একটি টমটমে করে কটিয়াদী যাচ্ছিলেন। পথে বাজিতপুর বাজার সংলগ্ন বড় ব্রিজের কাছে মফিজুর রহমান সুমন ও তার ৪-৫ জন সহযোগী তাকে জোর করে গাড়ি থেকে নামিয়ে দেন এবং মাছসহ গাড়িটি নিয়ে স্বনির্ভর বাজারে মাছের আড়তে চলে যান।

বিজ্ঞাপন

পরে আবু তাহের কটিয়াদী মডেল থানায় মৌখিক অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুমনকে আটক করে। তবে সুমনের সহযোগীরা মাছের গাড়ি নিয়ে পালিয়ে যায়।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, অভিযোগকারী ও অভিযুক্ত বাজিতপুর উপজেলার বাসিন্দা হওয়ায় আটক সুমনকে বাজিতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাজিতপুর থানার ওসি মো. মুরাদ হোসেন জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, বাজিতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, সুমন কোনো রাজনৈতিক পদে না থাকলেও তিনি সাবেক এমপির ছেলে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...