হাসনাত-সারজিসের নেতৃত্বে গাজীপুরে সড়ক অবরোধ

হাসনাত-সারজিসের নেতৃত্বে গাজীপুরে সড়ক অবরোধ

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সড়ক আটকে বিক্ষোভ মিছিল করা হয়েছে। সংগঠনটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমের নেতৃত্বে এ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে এ কর্মসূচি পালিত হয়।

বিজ্ঞাপন

সারজিস আলম বলেন, গত রাতের ঘটনায় এ পর্যন্ত ১৬ জন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও আজকের মধ্যে গ্রেফতার করতে হবে । গর্ত থেকে বের হয়ে যেসব আওয়ামী লীগ নেতাকর্মীরা ষড়যন্ত্র করছেন, তাদের জবাব এখন থেকে দেওয়া হবে। এছাড়া আওয়ামী রাজনীতি নিষিদ্ধকরণ, নিবন্ধন বাতিলেরও দাবি তুলেছেন নেতারা।

নেতাকর্মীরা বলেন, গতকাল রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে লুটপাট চলছে। এমন খবরে বন্ধ করতে যান ছাত্ররা। পরে তাদের ওপর হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন আহত হন।

এর প্রতিবাদে সকালে রাজবাড়ীর মাঠ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ শিক্ষার্থীরা। দুপুর ২টার দিকে সড়কে বসে বিক্ষোভ করেন তারা। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

গাজীপুর সদর থানার ওসি আরিফুর রহমান বলেন, হামলাকারীদের খুঁজে বের করতে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে। শিক্ষার্থীরা তাদের দাবি-দাওয়া নিয়ে দুপুরের পর থেকে সড়ক অবরোধ সৃষ্টি করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন