রাজবাড়ীতে পিস্তলসহ সাবমেশিনগান উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে পিস্তলসহ সাবমেশিনগান উদ্ধার, গ্রেপ্তার ২
ছবি: আমার দেশ

রাজবাড়ীর সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে একটি বিদেশি স্টার্লিং সাব-মেশিনগান, একটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ তাজা গুলি ও দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০-এর পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মোহা. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মহিষাখোলা গ্রামের আফজাল মোল্লার ছেলে মমিন মোল্লা (৪০) এবং গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাউলিকেউটিল গ্রামের বাবু বিশ্বাসের ছেলে হাসান আলী বিশ্বাস (৩৬)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল বুধবার দিবাগত রাতে রাজবাড়ীর সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানের প্রথম পর্যায়ে রাজবাড়ী সদর থানার পাঁচুরিয়া ইউনিয়নের মহিষাখোলা মোল্লাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মমিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি তৈরি স্টার্লিং সাব-মেশিনগান, দুটি ম্যাগাজিন এবং ২৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

একই দিন রাত সাড়ে ১০টার দিকে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের জলিল মেম্বারের ব্রিজ সংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে হাসান আলী বিশ্বাসকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড তাজা কার্তুজ এবং কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পাশাপাশি তার কাছ থেকে চারটি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ অবৈধভাবে সংরক্ষণ ও ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন