বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, "কোনো টালবাহানা করে নির্বাচন বিলম্বিত করা যাবে না। জনগণ ভোটের জন্য মুখিয়ে আছে, গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না।" তিনি আরও বলেন, বর্তমান সরকার যখন বুঝতে পেরেছে দেশে নির্বাচিত সরকার দরকার, তখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে।
বুধবার বিকেলে সখীপুর তালতলা চত্বরে উপজেলা ও পৌর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট আহমেদ আযম খান আরও বলেন, "ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে রাষ্ট্র সংস্কারের জন্য বিএনপি যে ৩১ দফা প্রণয়ন করেছে, আগামীতে ক্ষমতায় এলে তার প্রতিটি বাস্তবায়ন করা হবে।"
সখীপুর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুর সভাপতিত্বে এবং সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা বাছেদ মাস্টারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম, আমজাদ হোসেন, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান, সবুর রেজা, বাজার বণিক সমিতির সভাপতি বিল্লাল হোসেন, ফরহাদ ইকবাল প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

