টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডা. এস এম মাহবুবুল আলম। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ, খাবারের মান ও চিকিৎসকদের আচরণ সম্পর্কে খোঁজখবর নেন।
বুধবার সকালে পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসকদের কক্ষ, পরীক্ষা-নিরীক্ষার বিভাগ, রান্নাঘরসহ বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরে পুরুষ, মহিলা ও শিশু ওয়ার্ডে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের চিকিৎসার খোঁজ নেন। এ সময় রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে হাসপাতালের কোথাও অনিয়ম বা অব্যবস্থাপনা পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সিভিল সার্জন। পাশাপাশি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগীদের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খাইরুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রিতম সরকারসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।
পরিদর্শন শেষে জেলা সিভিল সার্জন ডা. এস এম মাহবুবুল আলম বলেন, গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কিছুটা সংকট রয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় জনবলও বাড়ানো দরকার। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, রোগীদের সঙ্গে কথা বলে খাবারের মান, চিকিৎসকদের আচরণ ও ওষুধ সরবরাহের বিষয়ে জানতে চেয়েছি। রোগীরা চিকিৎসাসেবা ও সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সন্তোষজনক মতামত দিয়েছেন। তবে কয়েকজন চিকিৎসকের গোপালপুর হাসপাতালে সংযুক্তি থাকলেও তাঁরা ঢাকায় কর্মরত রয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাঁদের কর্মস্থলে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করা, বিদ্যমান সমস্যা চিহ্নিত করা এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

