চট্টগ্রামের বাঁশখালীতে সীমানা বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে আবদুল মালেক (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আবদুল মালেক শেখেরখীল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বোচারপাড়ার মৃত মকবুল সোবহানের ছেলে। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার শেখেরখীল ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
জানা গেছে, বুধবার সকালে সীমানা বিরোধ নিয়ে আবদুল মালেকের সঙ্গে তাঁর চাচাতো ভাই মৃত নজির আহমদের ছেলে জাকের হোসেনের কথা-কাটাকাটি হয়। এ সময় জাকের হোসেন তাঁকে প্রতিশোধ নেওয়ার হুমকি দেন। পরে দুপুর ২টার দিকে আবদুল মালেক মসজিদ থেকে জোহরের নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা জাকের হোসেন তাঁকে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে আবদুল মালেক ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
নিহতের আরেক চাচাতো ভাই ফরিদুল আলম জানান, নিহত আবদুল মালেক ও হামলাকারী জাকের হোসেন দুজনই তাঁর চাচাতো ভাই। সীমানা বিরোধের জের ধরেই জাকের হোসেনের লাঠির আঘাতে ঘটনাস্থলেই আবদুল মালেকের মৃত্যু হয়।
বাঁশখালী থানার ওসি রবিউল হক জানান, নিহত আবদুল মালেকের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

