শিবপুরের লটকন যাচ্ছে বিদেশে, স্বাবলম্বী চাষিরা

এস এম আরিফুল হাসান, শিবপুর (নরসিংদী)

শিবপুরের লটকন যাচ্ছে বিদেশে, স্বাবলম্বী চাষিরা
ছবি: আমার দেশ

নরসিংদীর শিবপুর উপজেলায় গাছে গাছে ধরে আছে লটকন। চাষিরা লটকন বিক্রিও শুরু করেছেন। এতে বাগান-চাষিদের মুখে হাসি ফুটে উঠেছে। এক সময়ের বনজ ফল হিসেবে পরিচিতি থাকলেও বর্তমানে লটকন লোভনীয় ফল। লটকন এখন দেশ-বিদেশে রপ্তানি হচ্ছে। প্রতিবছর লটকন বিক্রি করে কৃষকরা স্বাবলম্বী হচ্ছেন। তবে এবার ফলন কিছুটা কম। এখানকার উৎপাদিত বেশ বড় আকারের হলুদ বর্ণের মিষ্টি লটকন ক্রেতাদের মূল আকর্ষণ।

শিবপুর উপজেলার জয়নগর ও যোশর ইউনিয়নে বাগানে বাগানে এখন লটকনের সমারোহ।

বিজ্ঞাপন

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, শিবপুর উপজেলায় এবার ১৪৬৫ হেক্টর জমিতে লটকন আবাদ করা হয়েছে। লটকন বাগানের সংখ্যা ছোট -বড় মিলে প্রায় ২ হাজার ৫০০। কৃষকের সংখ্যা প্রায় ১২ হাজার। নরসিংদীর লটকন ২০২৫ সালে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়। শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেয়।

সরেজমিনে শিবপুরের লটকন বাগান ও স্থানীয় বাজারগুলোতে গিয়ে দেখা যায়, ব্যবসায়ী এবং চাষিরা বাগান থেকে তাজা লটকন পেড়ে বাজারে বিক্রি করছেন। সরবরাহ ভালো থাকার পাশাপাশি এবার বাজারে লটকনের বেশ ভালো দামও পাচ্ছেন । আকার ও গুণগত মানভেদে প্রতিকেজি লটকন বাজারে ৮০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

অল্প খরচে এবং কম পরিশ্রমে অধিক লাভ হওয়ায় শিবপুরের চাষিদের কাছে লটকন এখন অন্যতম প্রধান অর্থকরী ফসল হয়ে উঠেছে।

চারা রোপণের মাত্র চার থেকে পাঁচ বছরের মধ্যে ফলন আসতে শুরু করে এবং একটি বাগান থেকে টানা ২০-৩০ বছর পর্যন্ত ফল পাওয়া যায়।

জয়নগর শিমারবাগের লটকন চাষি জুলহাস ভূইয়া জানান, তিনি এবার ১৯ লাখ টাকায় লটকন বাগান বিক্রি করেছেন।

লটকন ব্যবসায়ী হযরত আলী জানান, তিনি এবার ৪২ লাখ টাকার লটকন বাগান ক্রয় করেছেন। খরচ বাদে ১৫ থেকে ২০ লাখ টাকা লাভ হবে।

অপর ব্যবসায়ী ইকবাল হাসান বলেন, আমি এই মৌসুমে ৫০ লাখ টাকার লটকন ক্রয় করেছি। যা দুইমাস ব্যাপী বিক্রি করব। লটকন বাগান পরিচর্যা, লটকন পাড়া, মাপা, বাজারজাতকরণের জন্য আমার এখানে ৮-১০ জন শ্রমিক প্রতিদিন কাজ করছেন। আশা করি খরচ বাদে প্রায় ২০ লাখ টাকা আয় হবে।

উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ বলেন, শিবপুর উপজেলার পাহাড়ি এলাকা লটকন চাষে অন্যতম। উঁচু, লালচে অম্লীয় মাটি এবং ছায়াযুক্ত আবহাওয়ার কারণে লটকন চাষের জন্য উপযুক্ত। ফলন ও দাম ভালো হওয়ায় প্রতিবছর লটকন চাষিদের সংখ্যা বাড়ছে। আমরা কৃষি বিভাগ চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়ে পাশে রয়েছি।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন