গাজীপুরের বাসন থানার মোগরখাল এলাকার একটি বাসায় রান্নার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ দুই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় আহতদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) রাতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন সীমা আক্তার (৩০), তাসলিমা (৩০), পারভিন আক্তার (৩৫), তার শিশুপুত্র আয়ান (দেড় বছর), শেফালী বেগম (৪০) ও তার মেয়ে তানজিলা।
পুলিশ ও স্থানীয়রা জানান, মহানগরের মোগরখাল মোল্লা মার্কেট এলাকায় সন্ধ্যার দিকে পারভিন আক্তার রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে পারভিনসহ ৫ জন দগ্ধ হন। দগ্ধ অবস্থায় প্রথমে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাদের ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
বাসন থানার ওসি কায়সার আহমেদ বলেন, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৫ জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আগুনে দগ্ধ হয়েছেন দুই পরিবারের সদস্য। তারা বাসা ভাড়া করে স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন জানান, গাজীপুর থেকে শিশু-নারীসহ পাঁচজনকে দগ্ধ অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছে। এর মধ্যে ৯৫ শতাংশ দগ্ধ হয়েছেন তাসলিমা। দুইজন ৯০ শতাংশ, একজন ৩২ শতাংশ ও অন্য একজন ২৮ শতাংশ দগ্ধ হয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

