আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএনপি নেতার মুক্তির দাবিতে টঙ্গীতে সড়ক অবরোধ, ভোগান্তি চরমে

সংবাদদাতা, গাজীপুর

বিএনপি নেতার মুক্তির দাবিতে টঙ্গীতে সড়ক অবরোধ, ভোগান্তি চরমে

গাজীপুরে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বিজ্ঞাপন

শনিবার সকাল থেকে মহানগরীর চৌরাস্তা, বোর্ড বাজার, হোসেন মার্কেট, কলেজ গেট, স্টেশন রোড ও টঙ্গী বাজারসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।

জানা গেছে, ২০০৪ সালে আওয়ামী লীগের একটি সংগঠনের সভাকালে আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই মতিউর রহমান বাদী হয়ে হত্যা মামলা করেন। সেই মামলায় ২০ বছর ধরে কারাগারে রয়েছেন নুরুল ইসলাম সরকার। সরকার ও আদালতের ওপর চাপ সৃষ্টির জন্যই নুরুল ইসলাম সরকার ও তার পরিবারের সদস্যরা এ কর্মসূচি হাতে নেয়। এতে গাজীপুরজুড়ে চরম ভোগান্তি সৃষ্টি হয়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাতায়াতকারী যানবাহন, উত্তরবঙ্গগামী সব যানবাহন আটকা পড়ে। বিভিন্ন পয়েন্ট এক অরাজক ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়।

বিক্ষোভে অংশ নেয়া নেতাকর্মীরা বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় তাকে ২০ বছর ধরে জেলে রাখা হয়েছে। আমরা অবিলম্বে তার মুক্তি চাই। যদি নুরুল ইসলাম সরকারকে মুক্তি না দেওয়া হয়, আমরা আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করব।

নেতাকর্মীরা দাবি করেন, নুরুল ইসলাম সরকারের বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অন্তর্বর্তী সরকারের কাছে তাকে দ্রুত মুক্তি দেয়ারও দাবি জানান তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন