তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম

কৃষকের জীবনমান পরিবর্তনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে

কৃষকের জীবনমান পরিবর্তনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে
ছবি: আমার দেশ

কৃষির উন্নয়ন ও কৃষকের জীবনমান পরিবর্তনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। কৃষিকে আরও উৎপাদনমুখী, লাভজনক ও টেকসই করতে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ, বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ এবং কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, শনিবার সকালে টাঙ্গাইলের ধনবাড়ীতে হর্টিকালচার সেন্টার আয়োজিত ‘মাঠ দিবস ও কারিগরি আলোচনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, কৃষক আমাদের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকের পরিশ্রমের ওপর দেশের খাদ্যনিরাপত্তা অনেকাংশে নির্ভরশীল। তাই কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং কৃষি উৎপাদনের প্রতিটি পর্যায়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা প্রয়োজন। কৃষি গবেষণার ফলাফল মাঠপর্যায়ে পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

ফকির মাহবুব আনাম আরও বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তির দ্রুত পরিবর্তন ঘটছে। কৃষি খাতেও তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে। কৃষকদের প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করতে সরকার কাজ করছে। কৃষি ও প্রযুক্তির সমন্বয় ঘটাতে পারলে দেশের কৃষি খাত আরও সমৃদ্ধ হবে।

কৃষিবিদ নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুজ্জামান সুরুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী, উপজেলা ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি এস এম এ সোবহান, এনামুল হক, রফিকুল ইসলাম স্বপন, কৃষিবিদ আশেক পারভেজ, কৃষিবিদ ড. এ কে এম বদরুল হক, কৃষিবিদ মাসুদুর রহমান, কৃষিবিদ আবুল বাসার মিয়া।

অনুষ্ঠানে মাঠপর্যায়ে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উন্নত চাষাবাদ পদ্ধতি এবং কৃষি উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে কারিগরি আলোচনা করা হয়।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...