ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারার প্রস্তুতিকালে ৬৫ নারীকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার মাহফিলস্থল ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার মো. গাজিউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছেন। মাহফিলে আগত মানুষের পকেটমারাই ছিল তাদের উদ্দেশ্য। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে তাফসির মাহফিল হয়। এতে প্রধান বক্তা হিসেবে বয়ান করেন বিশিষ্ট ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারী।
মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর।
আয়োজকদের ধারণা, এ মাহফিলে বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ ধর্মপ্রাণ মানুষের সমাগম হতে পারে। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিকে কেন্দ্র করে পকেটমারার মতো অপরাধ প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

