শ্রীনগরে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় এক অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শ্রীনগর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, ঢাকামুখী আরাম পরিবহনের বাস থেকে নেমে রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাত যাত্রীবাহী বাস ওই নারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে লাশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রমের জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রাথমিকভাবে নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার আনুমানিক বয়স ৩২ বছর। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, নগদ এক হাজার টাকা এবং একটি ব্যাগ উদ্ধার করে পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

