প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সচিবালয়ের যেসব কর্মকর্তা-কর্মচারী বিধিবিধান ভঙ্গ করেছেন তাদের অনেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা ফ্যাসিবাদের হাতকে শক্তিশালী করেছিলেন তাদের কাউকেই রেহাই দেওয়া হবে না। তাদের শাস্তির আওতায় আনা হচ্ছে।
গতকাল রোববার সাভারের খাগান এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘জুলাই বিপ্লব’ এর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শফিকুল বলেন, এ ফ্যাসিবাদ যাতে আর কোনো দিন প্রতিষ্ঠা না পায় সে লক্ষ্যে সরকার যা যা দরকার সেই কাজগুলো করছে, তবে আমরা অন্যায় কিছু করছি না। এখনো যারা ফ্যাসিবাদকে সহযোগিতা করছেন বলে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
আগামী নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নিবার্চন হবে সেটি হবে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। জাতিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে কাজ চলছে।
এ সময় শফিকুল আরো বলেন, জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অংশগ্রহণ ছিল এক নম্বরে। উল্লেখযোগ্য সংখ্যক মেয়েরা জুলাই আন্দোলনে অংশ নিয়েছিল। যা বাংলার অতীত ইতিহাসে দেখা যায়নি। যত প্রাণ ঝরেছে তার প্রত্যেকটি খুনের বিচার করা হবে। একটাও বাদ যাবে না।
মানারাত বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক সচিব মোহাম্মদ ফজলুর রহমান। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মতিউর রহমান আকন্দ, জুলাই যোদ্ধা আবু সদিক কায়েম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

