টাঙ্গাইলের সখীপুরে এক স্কুলশিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। বাড়ির কেয়ারটেকারকে বেঁধে রেখে ডাকাতরা নগদ ২ লাখ টাকা ও কয়েক ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার, সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার কয়েকটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো ডাকাত গ্রেপ্তার হয়নি।
সোমবার রাত আটটায় উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামে ছোটচওনা পাবলিক উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হুদার বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে নাজমুলের বাবা তারাবির নামাজ পড়তে মসজিদে যান। বাবার সঙ্গে তার মা-ও যান। এ সময় কেয়ারটেকার একা বাড়িতে ছিলেন। এই সুযোগে রাত আটটায় ৭-৮ জন ডাকাত বাড়িতে ঢুকে কেয়ারটেকারকে বেঁধে রাখে। পরে প্রায় দুই লক্ষ নগদ টাকা, তিন-চার ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তারা ডাকাতির সময় ঘরের সবকিছু লন্ডভন্ড করে।
৩০-৪০ মিনিটব্যাপী তাণ্ডব চালিয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে মসজিদের মাইকে ডাকাতির কথা ঘোষণা করলে লোকজন এগিয়ে আসে।
এ ঘটনায় শিক্ষক নাজমুল হুদা বাদী হয়ে সখীপুর থানায় ডাকাতি মামলা করেছেন। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার মুহা. শরীফুল ইসলাম, থানার ওসি জাকির হোসেন ও গোয়েন্দা সংস্থার কয়েকটি টিম।
সখীপুর থানার ওসি জাকির হোসেন আমার দেশ'কে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত আছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

