গোপালগঞ্জে তান্ডব, আরো এক হত্যা মামলা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

গোপালগঞ্জে তান্ডব, আরো এক হত্যা মামলা

গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ ঘিরে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আরো একটি হত্যা মামলা হয়েছে।

এ ঘটনায় নিহত রমজান মুন্সীর ভাই জামাল মুন্সী বাদী হয়ে শনিবার গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে, তবে সংখ্যা উল্লেখ করা হয়নি।

বিজ্ঞাপন

সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এনিয়ে ৫টি হত্যাসহ মোট ১২টি মামলা হয়েছে। তাতে আসামি করা হয়েছে ১০ হাজার ১৩৭ জনেকে। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬৮৭ জনের নাম উল্লেখ এবং ৯ হাজার ৪৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। শনিবার পর্যন্ত ৩১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপালগঞ্জ থেকে বিজিবি প্রত্যাহার করা হয়েছে। সকালে বিজিবি সদস্যরা যশোরের উদ্দ্যেশ্যে গোপালগঞ্জ ত্যাগ করে।

এর আগে, গত ১৯ জুলাই রাতে নিহত ৪ যুবকের মৃত্যুর ঘটনায় পুলিশ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় ৪টি হত্যা মামলা দায়ের করে। তাতে অজ্ঞাত ৫ হাজার ৪০০ দুস্কৃতকারীকে আসামি করা হয়। এছাড়া গোপালগঞ্জ সদর থানায় সন্ত্রাস দমন আইনে ২টি ও জেলা কারাগারে হামলার ঘটনায় ১টি মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে বিশেষ ক্ষমতা আইনে কাশিয়ানী থানায় ২টি, কোটালীপাড়া থানায় ১টি ও টুঙ্গিপাড়া থানায় ১টি মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় ২ জনকে নতুন গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে শনিবার পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৩১৪ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। দিনভর হামলা-সহিংসতায় ৪ জনের মৃত্যু হয়। পরের দিন ১৭ জুলাই গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ১ জনের মৃত্যু হয়।

এখন গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত।জেলার জীবনযাত্রা স্বাভাবিক। শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা হচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠানে চলছে স্বাভাবিক কার্যক্রম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন