আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এক্স-রে মেশিন খুলে পড়লো রোগীর ওপর, আহত ৩

জেলা প্রতি‌নি‌ধি, মাদারীপুর

এক্স-রে মেশিন খুলে পড়লো রোগীর ওপর, আহত ৩

কোমরে ব্যথা নিয়ে ডাক্তার দেখাতে যান প্রাইভেট ল্যাবে। সঠিক কারণ জানার জন্য এক্স-রে করতে বললেন ডাক্তার। সেই এক্স-রে করার সময়ই ঘটলো মারাত্মক ঘটনা। রোগী ও ল্যাবের স্টাফদের ওপর খুলে পড়ে এক্স-রে মেশিনের স্ট্যান্ডসহ টিউব। এতে রোগীসহ আহত হন তিনজন। এ ঘটনায় কোনো সান্ত্বনা না দিয়ে উল্টো ভুক্তভোগীদের সাথে অসদাচরণ করেন ল্যাব কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ জুলাই) এ ঘটনা ঘটে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের কেসি গোল্ড টাওয়ারের আরামবাগ ডি-ল্যাব নামে একটি প্রাইভেট ল্যাবরেটরিতে।

ভুক্তভোগী রোগী অন্তরা আক্তার (২৮) রাজৈর উপজেলার ইশিবপুর গ্রামের ইতালি প্রবাসী আনোয়ার মোল্লার স্ত্রী। এ নিয়ে কথা বলায় অন্তরার স্বজনদের সঙ্গে অসদাচরণ করারও অভিযোগ উঠেছে ল্যাব কর্তৃপক্ষের বিরুদ্ধে।

ক্লিনিক ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, পরিবারসহ ইতালি থাকেন অন্তরা। দুই মাস আগে দুই ছেলে নিয়ে দেশে আসেন তিনি। পরে কোমরে ব্যথার কারণে টেকেরহাটের আরামবাগ ডি-ল্যাবে যান ডাক্তার দেখাতে। সেখানে ডা. গোলাম সরোয়ারকে দেখালে তিনি এক্স-রে করাতে বলেন। এ সময় ওই ক্লিনিকের এক্স-রে রুমে গিয়ে টেবিলে শোয়ার কিছুক্ষণ পরই তার ওপর খুলে পড়ে এক্স-রে মেশিনের স্ট্যান্ডসহ টিউব। এ সময় তাকে বাঁচাতে গিয়ে ওই ক্লিনিকের আরও দুইজন স্টাফ আহত হয়। এর মধ্যে একজন স্টাফের মাথা গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় অন্তরা ঘাড়ে আঘাত পান।

অভিযোগ রয়েছে, এ ঘটনা মোবাইল ফোনে স্বজনদের জানালে অন্তরার খালাতো বোনের সঙ্গে অসদাচরণ করেছেন ক্লিনিক কর্তৃপক্ষ।

আরামবাগ ডি-ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদ ফরাজী দায় স্বীকার করে বলেন, আমাদের ভুল আছে বলেই চুপচাপ সবার এত কথা শুনছি। টেকনিশিয়ানরা ঠিকমতো ফিটিং করতে পারেনি বলে এ দুর্ঘটনা ঘটেছে।

মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শামীম আক্তার বলেন, একটা এক্স-রে মেশিন খুলে পড়াবে, এটা অস্বাভাবিক ব্যাপার। আমরা এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের রিপোর্ট করবো। এছাড়াও অনিবন্ধিত, অবৈধ ও দুর্নীতি করে পরিচালিত হাসপাতাল ও ক্লিনিকগুলোর বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন