মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় এক নারী নিহত

শিবচর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় এক নারী নিহত

মাদারীপুর জেলার শিবচরের ঢাকা-মাওয়া-ভাঙা এক্সপ্রেসওয়ের অংশের কুতুবপুরে গাড়িচাপায় অজ্ঞাত এক নারীর (৪২) মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে শিবচর উপজেলার কুতুবপুর মুন্সীরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে শিবচর হাইওয়ে থানা পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে রাস্তার মাঝে অজ্ঞাত এক নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় খবর দিলে হাইওয়ে পুলিশ এসে গুরুতর অবস্থায় ওই নারীকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর ধারণা, সকালে এক্সপ্রেসওয়ে পার হওয়ার সময় কোনো গাড়ি চাপা দিলে তার মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, 'সকালে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেন থেকে অজ্ঞাত এক নারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় তার সারা শরীর রক্তাক্ত ছিল। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। নিহতের পরিচয় শনাক্ত করতে পারিনি। রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।'

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...