সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ, শ্রমিক বিক্ষোভে অর্ধশত কারখানায় ছুটি

সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ, শ্রমিক বিক্ষোভে অর্ধশত কারখানায় ছুটি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সাভার ও আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকেরা।

বিজ্ঞাপন

বিক্ষুব্ধ শ্রমিকেরা সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া ও উলাইল এলাকায় অবস্থান নেন। এ সময় বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। পরে উলাইলের শ্রমিকেরা সড়ক থেকে সরে গিয়ে অন্যত্র অবস্থান নেন। তবে মহাসড়কের ফুলবাড়িয়ায় পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও শ্রমিকেরা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবরোধ গড়ে তোলেন। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকেরা আরো মারমুখী হয়ে হামলা চালান। এর আগে রাজফুলবাড়িয়া এলাকায় ‘ডেলিকেট’ নামের একটি গার্মেন্টসে ব্যাপক হামলা ও ভাঙচুর চালায় দুষ্কৃতকারীরা।

এদিকে শ্রমিক বিক্ষোভের জেরে সাভার ও আশুলিয়ায় ২৩টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এর মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় আটটি কারখানা বন্ধ এবং ১৫টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সব মিলিয়ে শ্রমিক অসন্তোষের কারণে অর্ধশত কারখানা বন্ধ ও ছুটি ঘোষণা করা হয়েছে।

নাশকতা রোধে পুলিশের পাশাপাশি স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কারখানাগুলোর সামনে সতর্ক অবস্থানে রয়েছেন।

মঙ্গলবার সকাল থেকে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলনে নামেন শ্রমিকেরা। সকালে সাভারের হেমায়েতপুর-কেরাণীগঞ্জ আঞ্চলিক সড়কের পদ্মার মোড় অবরোধ করার চেষ্টা করেন তারা। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় সেখানকার বেশ কয়েকটি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।

অপরদিকে একই দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া এলাকা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা অবরোধ করে রাখেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা।

এদিকে আশুলিয়ার খেজুরবাগান এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। এদিন জামগড়া, বেরন, জিরাবো, কাঠগড়া ও বাইপাইলসহ বিভিন্ন স্থানে শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল করেন। এ ঘটনায় সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে কয়েক ঘণ্টা থমথমে অবস্থা বিরাজ করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শিল্প পুলিশের পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, পরিসংখ্যান অনুযায়ী অর্ধশতাধিক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...