কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা টানা দুই দিনের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় রাজপথে কঠোর অবস্থান নিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রোববার সকাল থেকেই ভাঙ্গা উপজেলা ও পৌর এলাকার প্রধান সড়ক ও মহাসড়কগুলোতে বিএনপির নেতাকর্মীদের অবস্থান ও বিক্ষোভ মিছিল দেখা গেলেও মাঠে দেখা যায়নি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে।
সরেজমিনে দেখা যায়, লকডাউনের নামে যেকোনো ধরনের নাশকতা ও জনদুর্ভোগ ঠেকাতে ভোর থেকেই ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ড এলাকা, এক্সপ্রেসওয়ে ও গোলচত্বরসহ পৌর এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছেন। পুরুষ নেতাকর্মীদের পাশাপাশি রাজপথে সরব উপস্থিতি দেখা গেছে মহিলা দলের নেতাকর্মীদেরও। তারা বিভিন্ন সড়কে দেশীয় অস্ত্র হাতে নিয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।
অন্যদিকে দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত ভাঙ্গায় যান চলাচল স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। ভাঙ্গা উপজেলা ও পৌর এলাকার সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।
স্থানীয় বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম জানান, জনগণের জানমাল রক্ষা ও সড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে তারা রাজপথে অবস্থান নিয়েছেন। যেকোনো অপতৎপরতা রুখে দিতে মহিলা দলসহ বিএনপির সব স্তরের নেতাকর্মীরা মাঠে সক্রিয় রয়েছেন।
প্রশাসনের কঠোর নজরদারি ও বিএনপির অবস্থান কর্মসূচির কারণে ভাঙ্গা এলাকার সড়ক ও মহাসড়কে এখন পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

