ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত একটি লরির পেছনে বাসের ধাক্কার পর একে একে চারটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর আটজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে মহাসড়কের চান্দিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত যানবাহনের মধ্যে রয়েছে দুটি বাস, একটি লরি ও একটি মাইক্রোবাস।
জানা যায়, চট্টগ্রামমুখী একটি চলন্ত লরির পেছনে সজোরে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী তিশা প্লাস পরিবহনের একটি বাস। কিছুক্ষণ পর ওই বাসের পেছনে ধাক্কা দেয় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বেঙ্গল পরিবহনের একটি ডাবল ডেকার বাস। সবশেষে একই অভিমুখে চলাচল করা একটি মাইক্রোবাস পেছন থেকে বাসটিকে ধাক্কা দেয়। চলন্ত অবস্থায় গাড়িগুলোর মধ্যে দূরত্ব খুব কম ছিল। ফলে লরির পেছনে বাসটির ধাক্কা লাগার পর পেছনের গাড়িগুলোও নিয়ন্ত্রণ হারিয়ে একে একে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেন। তারা দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাসের চালক ও যাত্রীদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হলেও ঘটনাস্থলে কেউ নিহত হননি।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা চিকিৎসক বলেন, আহতদের হাসপাতালে আনার পর জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ থানার ওসি নজরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

