বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি এম আবদুল্লাহ বলেছেন, গণ-অভ্যুত্থানের অন্যতম বড় অর্জন হলো মানুষ এখন স্বাধীনভাবে ও নির্ভয়ে কথা বলতে পারছে। তিনি বলেন, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা এবং পেশাদার সাংবাদিকদের মূল্যায়নের মাধ্যমেই অপসাংবাদিকতা দূর করতে হবে।
বৃহস্পতিবার দুপুরে টঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘গণ-অভ্যুত্থানের দুই বছর: অর্জন, প্রত্যাশা ও আগামীর বাংলাদেশ’-শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম আবদুল্লাহ বলেন, গণ-অভ্যুত্থানের আগে এমন একটি পরিস্থিতি ছিল, যখন সাংবাদিকরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারতেন না। গণমাধ্যমে কী প্রকাশিত হবে, কে টেলিভিশনের টকশোতে অংশ নেবেন—এসব বিষয়েও চাপ ও হস্তক্ষেপ ছিল বলে তিনি দাবি করেন। তাঁর ভাষায়, বর্তমানে সাংবাদিকরা সরকারের সমালোচনা করেও কোনো ধরনের হুমকি বা চাপের মুখে পড়ছেন না—এটিই গণ-অভ্যুত্থানের বড় অর্জন।
তিনি বলেন, ‘স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা, প্রাণ খুলে কথা বলার স্বাধীনতার চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না।’ সাংবাদিকতার এই স্বাধীনতা ধরে রাখতে পেশাদার সাংবাদিকদের মূল্যায়ন ও পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
এম আবদুল্লাহ বলেন, অপসাংবাদিকতার কারণে প্রকৃত সাংবাদিকতা আজ হুমকির মুখে। সাংবাদিকতার নামে নানা অনিয়ম ও অপকর্ম বন্ধ করতে হবে। পেশাদার সাংবাদিকদের নেতৃত্বে আনা এবং তাদের যথাযথ মূল্যায়নের পথ তৈরি করা গেলে প্রকৃত সাংবাদিকতার বিকাশ ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
টঙ্গী প্রেসক্লাবের ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, এ প্রতিষ্ঠান গড়ে তোলার পেছনে সাংবাদিকদের অনেক ত্যাগ রয়েছে। তিনি নিজেকে প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও প্রথম সভাপতি হিসেবে উল্লেখ করে বলেন, সীমিতসংখ্যক সাংবাদিককে নিয়ে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে একসময় প্রেসক্লাবটি প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই প্রতিষ্ঠানে আজ মুক্ত পরিবেশে আলোচনা সভা হওয়াকে তিনি ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার টঙ্গীর যানজট, সড়ক নিরাপত্তা, ফুট ওভারব্রিজ, খেলার মাঠ, বর্জ্য ব্যবস্থাপনা ও নগর অবকাঠামো উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে গাজীপুরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ডিভাইডারে ফেন্সিং করা হচ্ছে, যাতে মানুষ যত্রতত্র রাস্তা পার হতে না পারে। বিআরটি প্রকল্পের অসম্পূর্ণ ফুট ওভারব্রিজগুলো চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি চারটি স্থানে নতুন ফুট ওভারব্রিজ নির্মাণের প্রয়োজন চিহ্নিত করা হয়েছে এবং এর মধ্যে একটি ফুট ওভারব্রিজের টেন্ডার ইতোমধ্যে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
শওকত হোসেন সরকার বলেন, গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে খেলার মাঠ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে জমি চিহ্নিত করে মাঠ ও শিশুদের জন্য ছোট আকারের পার্ক তৈরির প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
টঙ্গী সরকারি কলেজসংলগ্ন সিটি করপোরেশনের মালিকানাধীন জমি প্রসঙ্গে তিনি বলেন, ওই এলাকায় প্রায় ৯৬ শতাংশ জমি সিটি করপোরেশনের নামে রেজিস্ট্রি হয়েছে। সেখানে আন্তর্জাতিক মানের একটি উন্মুক্ত বিনোদন ও সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। মানুষ সেখানে সাংস্কৃতিক কর্মকাণ্ড, আড্ডা ও বিভিন্ন সামাজিক আয়োজন করতে পারবেন বলে জানান তিনি।
বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রশাসক বলেন, বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের জন্য ছোট গাড়ি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় স্টেপ সেন্টার করা হবে এবং সেখান থেকে বড় গাড়িতে করে বর্জ্য নির্দিষ্ট স্থানে নেওয়া হবে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য বড় একটি প্রকল্প নেওয়ার কথাও তিনি জানান।
তিনি আরও বলেন, গাজীপুর সিটি করপোরেশনের উন্নয়নে মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। নাগরিকদের সঙ্গে সরাসরি আলোচনা করে সমস্যা চিহ্নিত ও সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা মো. মাহবুবুল আলম শুক্কুর, প্রভাষক বসির উদ্দিন, জিএমপির দক্ষিণ অপরাধ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার জিয়াউল হক জিয়া, বিএনপি নেতা আব্দুর রহিম খান কালা, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি নূরুল ইসলাম, সৈয়দ আতিক, সাবেক সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্লাহ, ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন বেপারি।
এর আগে অবিভক্ত টঙ্গী থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলীর কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
টঙ্গী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো. মেরাজ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

