রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদীতে ধরা পড়েছে ২৯ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বিশাল বোয়াল মাছ, যা শেষ পর্যন্ত ৫৭ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়েছে। বড় আকারের এই মাছ ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয় ব্যাপক কৌতূহল ও আগ্রহ।
শুক্রবার (১৭ জুলাই) ভোরে স্থানীয় জেলে ভৃপেন হালদার তার সহযোগীদের নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যান। জাল ফেলার কিছুক্ষণ পরই জালে অস্বাভাবিক টান অনুভব করেন তারা। পরে জাল টেনে নৌকায় তুলতেই দেখা যায়, ধরা পড়েছে বিশাল আকৃতির একটি বোয়াল মাছ। এ খবর মুহূর্তেই নদীপাড় ও ঘাট এলাকায় ছড়িয়ে পড়লে কৌতূহলী মানুষ মাছটি এক নজর দেখতে ভিড় করেন।
পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের রেজাল্ট মন্ডলের আড়তে নিয়ে যাওয়া হয়। সেখানে ওজন করে দেখা যায়, মাছটির ওজন ২৯ কেজি ৩০০ গ্রাম। এরপর উন্মুক্ত নিলামে তোলা হলে প্রতি কেজি ২ হাজার ৯০০ টাকা দরে মোট ৫৫ হাজার ৯৭০ টাকায় ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি কিনে নেন।
পরবর্তীতে চান্দু মোল্লা আধুনিক প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করেন। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ৩ হাজার টাকা দরে মোট ৫৭ হাজার ৯০০ টাকায় মাছটি বিক্রি করেন। এতে তার প্রায় ২ হাজার টাকা লাভ হয়।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, পদ্মার বড় বোয়াল মাছের বাজারমূল্য সবসময়ই বেশি থাকে। ভালো দামের আশায় মাছটি কিনেছিলাম। অনলাইনের মাধ্যমে দ্রুত ক্রেতা পেয়ে লাভ করতে পেরেছি।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, বর্তমানে ইলিশ আহরণে মৌসুমি নিষেধাজ্ঞা থাকায় নদীতে অন্যান্য প্রজাতির মাছ বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে। ফলে বোয়াল, কাতল, রুই, বাঘাইড়সহ বড় মাছ এখন তুলনামূলক বেশি ধরা পড়ছে। তিনি আরও বলেন, নদীতে স্থায়ী অভয়াশ্রম গড়ে তোলা গেলে ভবিষ্যতে আরও বড় আকারের মাছ পাওয়া সম্ভব হবে।
স্থানীয়রা জানান, পদ্মা নদীতে মাঝে মধ্যেই বড় আকারের মাছ ধরা পড়লেও এ ধরনের বিশাল বোয়াল মাছ সচরাচর দেখা যায় না। তাই মাছটি ঘিরে সাধারণ মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

