গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে দুই পোশাক মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের ইজ্জতপুর স্টেশনের উত্তর আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি গ্রামের মো. সিদ্দিক মিয়ার মেয়ে রিনা আক্তার (২৫) এবং আল আমিন নামে এক যুবক। আল আমিনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রিনা স্থানীয় আরবেলা ফ্যাশন এবং আল আমিন হ্যামস গার্মেন্টসে কর্মরত ছিলেন। ঘটনার দিন দুপুরের পর থেকে তাদের দুজনকে রেললাইনে একসঙ্গে ঘোরাফেরা করতে দেখা যায়। দীর্ঘ সময় তারা সেখানে হাঁটাহাঁটি ও কথাবার্তা বলেন বলে স্থানীয়দের ভাষ্য।
পরে সন্ধ্যার দিকে রেললাইনে তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে।
শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার শামিমা জাহান বলেন, রেললাইনে দুইজনের লাশ পড়ে থাকার খবর পেয়ে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে রেলওয়ে পুলিশ।
স্থানীয় বাসিন্দা আলেয়া বেগম বলেন, দুপুরের পর থেকেই দুজনকে রেললাইনে দেখা গেছে। পরে সন্ধ্যায় তাদের মৃত্যুর খবর জানতে পারি।
রিনার ভাই সুমন জানান, আগের স্বামীর সংসার ছেড়ে আসার পর রিনা আল আমিনকে বিয়ে করছিলেন। বিয়ের পর পরিবারের সঙ্গে তার যোগাযোগও কমে যায়। তবে কী কারণে তারা রেললাইনে ছিলেন বা কীভাবে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে পরিবার নিশ্চিত নয়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

