আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মিঠামইনে আধিপত্য বিস্তার নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৩০

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

মিঠামইনে আধিপত্য বিস্তার নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৩০

মিঠামইন উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নর হেমন্তগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কাশেম গ্রুপ এবং বিএনপি নেতা নজির গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে সকালে লাউ কুড়ার মাঠে উভয় পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ বাঁধে।

বিজ্ঞাপন

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে বিএনপি নেতা নজির গ্রুপের ২১ জন রয়েছেন। গুরুতর আহত আসাদ (৩৫) ও কাতল মিয়া (৩০)-কে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া আরও পাঁচজনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, ঈদের আগ থেকেই কাশেম চেয়ারম্যান গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র মজুদ করছিল এবং ঈদের নামাজের পর হামলার পরিকল্পনা ছিল। তবে তা বাস্তবায়ন না হওয়ায় আগের রাত থেকেই হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় সকালে নজির গ্রুপের ওপর হামলা হলে তা সংঘর্ষে রূপ নেয়।

এছাড়া কাশেম চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক মামলার অভিযোগ রয়েছে এবং তিনি মাঝে মধ্যে বিদেশে অবস্থান করেন বলেও জানা গেছে।

এ বিষয়ে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন