মানিকগঞ্জ-সিংগাইর সড়কের সদর উপজেলার পালড়া মোড়ে দ্রুতগামী ট্রাকের চাপায় আব্দুর রউফ মোল্লা (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত আব্দুর রউফ জেলার ঘিওর উপজেলার বড়াটিয়া ইউনিয়নের কলিয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত শামসুদ্দিন মোল্লার ছেলে।
নিহতের ভাগিনা সাইফুল ইসলাম জানান, সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকার উদ্দেশে রওনা করেন আব্দুর রউফ। সকাল ৭টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার পালড়া মোড় এলাকায় পৌঁছালে একটি ফিটনেসবিহীন দ্রুতগতির ট্রাক সামনে থেকে তাকে চাপা দেয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

