ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ‘আগামী দিনের বিশ্ব অর্থনীতিতে তারাই নেতৃত্ব দেবে, যারা শুধু প্রযুক্তি ব্যবহার করবে না, বরং নতুন প্রযুক্তি উদ্ভাবন করবে এবং প্রযুক্তির মাধ্যমে মানুষের বাস্তব সমস্যার সমাধান করবে। বাংলাদেশের সামনে এই ক্ষেত্রে অসাধারণ সম্ভাবনা রয়েছে।’
শনিবার বিকেলে কালিয়াকৈর হাই-টেক সিটিতে ইএটিএল ইনোভেশন হাব অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমাদের রয়েছে বিপুল তরুণ জনগোষ্ঠী, মেধাবী শিক্ষার্থী, দক্ষ প্রযুক্তিবিদ এবং সৃজনশীল মানুষ। আমাদের তরুণদের মধ্যে নতুন কিছু করার আগ্রহ এবং সক্ষমতা রয়েছে। কিন্তু এই মেধাকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করতে হলে আমাদের উদ্ভাবন ও উদ্যোক্তা সংস্কৃতিকে আরও শক্তিশালী করতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জনাব মো. আনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের প্রাইড প্রকল্পের টিম লিডার ও সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট মিসেস হোসনা ফেরদৌস সুমি এবং ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. মোখতার আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব নুরুল হাই এবং ডিজিটাল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট প্রকল্পের পরিচালক জনাব মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার।
অনুষ্ঠানে আন্তর্জাতিক স্টার্টআপ অঙ্গনের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরে বক্তব্য রাখেন কানাডাভিত্তিক নোভা ল্যাবের সহ-প্রতিষ্ঠাতা জনাব নাফিউ ওসি ওয়ারেখুয়া মোহাম্মদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইএটিএল ইনোভেশন হাব লিমিটেডের পরিচালক মিস নাফিসা খান। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. এ. মুবিন খান।
ইএটিএল ইনোভেশন হাব স্টার্টআপ পিচ কনটেস্ট ২০২৬-এর মূল লক্ষ্য হলো বাংলাদেশের তরুণ উদ্ভাবক ও স্টার্টআপ উদ্যোক্তাদের নতুন ধারণা, উদ্ভাবনী উদ্যোগ এবং প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক সম্ভাবনাকে একটি কার্যকর প্ল্যাটফর্মে নিয়ে আসা। এর মাধ্যমে সম্ভাবনাময় স্টার্টআপগুলোকে তাদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন, ব্যবসায়িক সম্ভাবনা তুলে ধরা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ তৈরি করা হবে।
এই উদ্যোগের মাধ্যমে দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরো শক্তিশালী করা, তরুণদের মধ্যে উদ্ভাবনী ও উদ্যোক্তা মানসিকতার বিকাশ ঘটানো এবং প্রযুক্তিনির্ভর নতুন উদ্যোগ সৃষ্টিতে উৎসাহ প্রদান করা হবে।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের স্টার্টআপ ও উদ্ভাবনী উদ্যোগের বিকাশে তরুণ উদ্যোক্তাদের সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। তারা উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায়িক উদ্যোগে রূপান্তর, প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরি এবং সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক অংশীজনদের মধ্যে কার্যকর সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

