কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা নানা ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এমন মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার দুপুরে সাভারের আশুলিয়ার শ্রীপুরে ইসলামি দার্শনিক অধ্যাপক ড. সৈয়দ আলী আশরাফ (রহ.)-এর ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
সুলতান সালাউদ্দিন টুকু এসময় আরো বলেন, যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সংগ্রাম করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকল শক্তিকে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। যাতে দেশের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করতে না পারে, গণতন্ত্র বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি আরো বলেন, ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। বিএনপি স্বাগত জানিয়েছে। আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ হবে।
এবার একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় সাবেক প্রতিরক্ষা সচিব ও আশরাফ চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান আবু মো: মনিরুজ্জামান খানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তফা আবুল উলায়ী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের শিক্ষা নীতি ও গবেষণা উপদেষ্টা ড. মাহদী আমিন প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

