আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কিশোরগঞ্জে ফুটপাত উচ্ছেদের দাবিতে শাটডাউন কর্মসূচি ব্যবসায়ীদের

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে ফুটপাত উচ্ছেদের দাবিতে শাটডাউন কর্মসূচি ব্যবসায়ীদের

কিশোরগঞ্জে ফুটপাত উচ্ছেদের দাবিতে শাটডাউন কর্মসূচি পালন করছে ব্যবসায়ী ও কর্মচারীরা। রোববার সকাল থেকে এই কর্মসূচি পালন করছে তারা।

শাটডাউনের অংশ হিসেবে রথখলা, তেরীপট্টি, কাচারীবাজার মোড়, বড় বাজার, গৌরাঙ্গবাজার এলাকায় প্রধান সড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয় ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

কর্মসূচিকে কেন্দ্র করে পুরো শহরে সৃষ্টি হয়েছে অচলাবস্থা, জনসাধারণ ও যাত্রীদের মধ্যে ভোগান্তি চরমে পৌঁছে। এছাড়াও দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে ফুটপাতে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন ব্যবসায়ী সমিতির নেতারা।

জানা যায়, শনিবার রাতে শহরের রথখলা এলাকায় এক ক্রেতা হকারের কাছ থেকে পণ্য কেনার সময় ছিনতাইয়ের শিকার হন বলে অভিযোগ ওঠে। ঘটনাটি নিয়ে পার্শ্ববর্তী দোকান পাল ফেব্রিক্স-এর মালিক শুভ্র কর হকারকে জিজ্ঞেস করলে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। হকারদের হামলায় শুভ্র কর ও কর্মচারী আউয়াল মিয়া আহত হন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং পরে দোকানদার ও হকারদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া দেখা দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এই ঘটনার পর রাতেই দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নেতারা বিক্ষোভ করে ফুটপাত উচ্ছেদের দাবিতে রোববার শাটডাউন কর্মসূচি ঘোষণা করে।

ব্যবসায়ী ও নেতারা বলছেন, ফুটপাত দখল, অবৈধ দোকানপাট স্থাপন ও যত্রতত্রভাবে ভ্যানগাড়ির অবস্থানের কারণে চলাচলে নৈরাজ্য দীর্ঘদিনের। ফুটপাতজুড়ে হকারদের অবৈধ দখলদারিত্ব দীর্ঘদিন ধরেই শহরের শৃঙ্খলা ও স্বাভাবিক ব্যবসার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।

অবৈধ দোকান, স্থাপনা ও ভ্যানগাড়ি উচ্ছেদ না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ব্যবসায়ী সমিতির নেতারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন