ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে দুর্ঘটনায় এক নির্মাণশ্রমিক নিহেত হয়েছেন। রোববার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছমর আলী জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কুড়ালচর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। পেশায় তিনি একজন পাইলিং নির্মাণশ্রমিক। পিকআপযোগে ঢাকা থেকে খুলনার উদ্দেশে একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ করতে যাচ্ছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিকআপ থামিয়ে সকালের নাশতা করেন ছমর আলীসহ অন্য শ্রমিকেরা। হোটেল থেকে নাশতা করা শেষে মহাসড়কের দক্ষিণ পাশ থেকে উত্তর দিকে দাঁড়িয়ে থাকা নিজেদের পিকআপের দিকে হেঁটে যাচ্ছিলেন তিনি। এ সময় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী একটি অনিয়ন্ত্রিত ও অজ্ঞাতনামা যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় মারাত্মক আঘাত পেয়ে গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মামুনুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. সোহেল খান জানান, খবর পেয়ে ভোরের দিকেই পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘাতক অজ্ঞাত গাড়িটি শনাক্ত ও চালককে গ্রেপ্তার করতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

