আড়াইহাজারে প্রাইভেটকার আটকে ছিনতাইয়ের চেষ্টা, আটক ২

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

আড়াইহাজারে প্রাইভেটকার আটকে ছিনতাইয়ের চেষ্টা, আটক ২
আটক দুই ডাকাত। ছবি: আমার দেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-আড়াইহাজার মহাসড়কে একটি প্রাইভেটকার আটকে যাত্রীদের জিম্মি করে ছিনতাইচেষ্টার সময় দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। যাত্রীদের ডাকচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। পরে জনতা ও পুলিশ যৌথভাবে দুজনকে আটক করে।

বুধবার বিকেল চারটার দিকে দুপ্তারা ইউনিয়নের পাল্লা এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আটক দুজন হলেন চাঁদপুরের হাইমচর উপজেলার বাগুলা এলাকার আজিজুল হকের ছেলে বাদশা দেওয়ান (৪০) ও একই এলাকার ফারুক (৫০)।

পুলিশের ভাষ্য, বাদশা দেওয়ান একটি ডাকাত দলের সর্দার হিসেবে পরিচিত। ফারুক তার সহযোগী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে একটি দল প্রাইভেটকার নিয়ে পাল্লা এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে তারা চলন্ত একটি প্রাইভেটকারের গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় গাড়িতে থাকা যাত্রীরা ডাকচিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া দেয়।

খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার সহায়তায় বাদশা দেওয়ান ও ফারুককে আটক করে। তবে তাদের সঙ্গে থাকা অন্য সহযোগীরা পালিয়ে যায়। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতকদের শনাক্তে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার বলেন, ‘প্রাইভেটকার আটকে ছিনতাইয়ের চেষ্টার সময় যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে। পরে জনতা ও পুলিশের সহায়তায় দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...