গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিসে বসে প্রধান শিক্ষক ননী গোপাল সরকারের ধূমপানের একটি ছবি ভাইরাল হয়েছে।
স্কুল চলাকালে অফিসে বসে নিয়মিত সিগারেট খাওয়া নিয়ে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে। প্রধান শিক্ষকের অফিসকক্ষে বসে সিগারেট খাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ ছাড়া প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির তদন্ত চেয়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন।
প্রধান শিক্ষক ননী গোপাল সরকারের অনিয়ম ও দুর্নীতির যথাযথ তদন্ত চেয়ে প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম দুদক চেয়ারম্যানের কাছে পুনরায় আবেদন করেছেন। এতে উল্লেখ করা হয়, প্রধান শিক্ষক ননী গোপাল ইচ্ছামতো ও অনিয়মতান্ত্রিকভাবে প্রতিষ্ঠাতা আমিনুল ইসলামকে বাদ দিয়ে বিদ্যালয় পরিচালনা করায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন।
অফিসে বসে সিগারেট খাওয়ার বিষয়ে প্রধান শিক্ষক ননী গোপাল সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘অফিসে বসে অনেকে সিগারেট খায়, আমিও একটু খেয়েছি।’
এ বিষয়ে গাইবান্ধা জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, ‘বিষয়টি অবগত হয়েছি, তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

