সার ডিলার নিয়োগে অনিয়ম

ইউএনওর অপসারণের দাবিতে অফিস ঘেরাও, মূল ফটকে এনসিপির তালা

ইউএনওর অপসারণের দাবিতে অফিস ঘেরাও, মূল ফটকে এনসিপির তালা
ছবি: আমার দেশ

রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে দলীয়করণ ও অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের অপসারণ দাবিতে তার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোদাগাড়ী উপজেলা ও পৌরসভা শাখা।

সোমবার দুপুর ১১টার দিকে উপজেলা প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে এ কর্মসূচি শুরু করেন দলটির নেতাকর্মীরা। একই দাবিতে আন্দোলনে যোগ দেন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারাও। পরে আন্দোলনের একপর্যায়ে তারা প্রধান ফটকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। এতে ভেতরে থাকা কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা সাধারণ মানুষ অবরুদ্ধ হয়ে পড়েন। এ আন্দোলন চলে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত।

বিজ্ঞাপন

সকালে আন্দোলনকারীরা ইউএনও কার্যালয় ঘেরাও করে আলোচনার জন্য ডাকলেও ইউএনও তা এড়িয়ে যান বলে তারা অভিযোগ করেন।

পরবর্তীতে দুপুর ১২টার দিকে ক্ষুব্ধ হয়ে তারা ইউএনও কার্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারীদের অভিযোগ, উপজেলা সার ডিলার নিয়োগ কমিটির সভাপতি হিসেবে ইউএনও ইসরাত জাহান পক্ষপাতমূলক ভূমিকা পালন করেছেন। নিয়োগের ক্ষেত্রে নীতিমালা অনুসরণ না করে দলীয় প্রভাব ও পক্ষপাতের ভিত্তিতে ডিলার নির্বাচন করা হয়েছে।

দীর্ঘ সময় ধরে আন্দোলন চললেও ইউএনও তাদের সঙ্গে কথা বলতে না আসায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। পরে তারা ইউএনওর পদত্যাগের দাবিও জানান।

রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক আতিকুর রহমান অভিযোগ করে বলেন, ‘সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘন করা হয়েছে। যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তাদের অধিকাংশই বিএনপির বিভিন্ন পদে রয়েছেন।’

তার অভিযোগ, নিয়োগ পাওয়া ডিলারদের কারও কারও সার বিক্রির দোকান বা গুদামও নেই। এবং কেউ কেউ আর্থিকভাবে স্বাবলম্বীও নয়।

এত অনিয়ম ও দুর্নীতির অভিযোগের মধ্যে সম্পন্ন হওয়া এ নিয়োগ তারা মেনে নেবেন না।

তিনি আরও বলেন, ‘ইউএনওকে জনগণের সামনে এসে এসব অভিযোগের জবাব দিতে হবে। জনগণকে উপেক্ষা করে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা যাবে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

রাজশাহী জেলা কৃষক দলের সদস্যসচিব আব্দুল হামিদ বাবলু বলেন, ‘আমরা এই ইউএনওর অপসারণ চাই। তিনি নিয়ম মেনে সার ডিলার নিয়োগ দেননি। আমরা চাই, ন্যায্যতার ভিত্তিতে ডিলার নিয়োগ দেওয়া হোক। কোনো ধরনের দলীয়করণ বা পক্ষপাত যেন না থাকে।’

এই বিষয়ে ইউএনও ইসরাত জাহান জানান, প্রতিবাদকারী প্রতিনিধিদল তাঁর সঙ্গে দেখা করে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে বিএনপি নেতাদের পক্ষে ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ তুলেছেন তা সঠিক নয় । তিনি তাদের এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করতে বলেছেন প্রয়োজনে তদন্ত করে দেখব।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমান, গোদাগাড়ী পৌর এনসিপির আহ্বায়ক আব্দুর রহিম, জামায়াত নেতা মাহফুজ, ডিলারপ্রত্যাশী ইলিয়াস আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন