গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামে রাতের আঁধারে এক কৃষকের প্রায় এক বিঘা শসাক্ষেত গোড়া থেকে কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে জমিতে গিয়ে এ দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন কৃষক মোবারক হোসেন।
ভুক্তভোগী কৃষক মোবারক হোসেন উজিলাব এলাকার (ন্যাশনাল পোলট্রি-সংলগ্ন) বাসিন্দা। তিনি জানান, কয়েক মাসের পরিশ্রমে চাষ করা শসাক্ষেত সবে ফলন দেওয়া শুরু করেছিল। ঠিক এমন সময়ে পুরো ক্ষেতের গাছের গোড়া কেটে ফেলে দুর্বৃত্তরা। এতে তার আনুমানিক প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কৃষক মোবারক হোসেন বলেন, ‘আমি অনেক কষ্ট করে ধারদেনা করে এই শসার চাষ করেছি। ফলন আসতে শুরু করেছে—এই সময়ে সব গাছ কেটে দিল। এখন আমি কীভাবে ঋণ শোধ করব? পরিবারের খরচই বা চলবে কীভাবে? যারা এটা করেছে, তারা আমার সর্বনাশ করে দিয়েছে।’
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যেও চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা শাহজাহান সরকার বলেন, ‘এটা কোনো সাধারণ দুষ্টমি নয়, পরিকল্পিতভাবে গাছের গোড়া কেটে পুরো ক্ষেত নষ্ট করা হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কৃষকের কষ্টের ফসল নষ্ট করা মানে সমাজের ক্ষতি।’
স্থানীয় সূত্রে জানা গেছে, পাশেই একটি খেলার মাঠ থাকায় কৃষক মোবারক হোসেন মাঠে খেলতে আসা কিছু কিশোরকে সাবধানে খেলাধুলা করতে বলেছিলেন, যাতে ফসলের ক্ষতি না হয়। এ নিয়ে কিছু ছেলেপেলে ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি দিয়েছিল বলে অভিযোগ রয়েছে। কেউ কেউ ধারণা করছেন, কিশোর গ্যাং বা নেশাগ্রস্ত কয়েকজন তরুণ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকাবাসী জড়ো হয়ে ক্ষতিগ্রস্ত কৃষককে সান্ত্বনা দেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। ভুক্তভোগী পরিবার স্থানীয় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

