পদ্মার এক ইলিশ ও এক পাঙাশ ৩০ হাজার ৪৪০ টাকায় বিক্রি

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

পদ্মার এক ইলিশ ও এক পাঙাশ ৩০ হাজার ৪৪০ টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়েছে একটি দেড় কেজি ওজনের ইলিশ এবং প্রায় ১৭ কেজি ওজনের একটি বিশাল আকৃতির পাঙাশ মাছ।

বুধবার দুপুরে স্থানীয় জেলে দেলোয়ার হালদারের জালে মাছ দুটি ধরা পড়ে। পরে জেলে মাছ দুটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটে আনেন।

বিজ্ঞাপন

সেখানে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ ইলিশটি ৪ হাজার ৫০ টাকা কেজি দরে এবং পাঙাশটি ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে কিনে নেন। সব মিলিয়ে মাছ দুটি তিনি ২৮ হাজার ৬২০ টাকায় কিনে নেন।

পরে মাছ দুটি দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে সম্রাট শাহজাহান শেখের মৎস্য আড়তে আনলে স্থানীয় উৎসুক জনতা ও মাছ ব্যবসায়ীরা দেখতে ভিড় করেন।

সম্রাট শাহজাহান শেখ জানান, পদ্মার বড় দুটি মাছ পেয়ে আমার আনন্দ লাগছিল। মাছ দুটি একদম টাটকা ছিল, তাই ভালো দাম দিয়েই কিনেছি।

পরে ফরিদপুরের শিবচরের এক প্রবাসীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করে মাছ দুটি প্রতি কেজিতে ১০০ টাকা লাভে মোট ৩০ হাজার ৪৪০ টাকায় বিক্রি করেছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন