মাদারীপুরের রাজৈরে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে সমাবেশ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় ৩০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আমবাগ কুঠিবাড়ী মসজিদের সামনে স্থানীয় যুবসমাজ ও মুরব্বিদের উদ্যোগে এ মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাজৈর থানার ওসি মো. শেখ আমিনুল ইসলাম বলেন, এলাকায় মাদকসংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করুন। মাদকের বিষয়ে পুলিশ কোনো প্রকার ছাড় দেবে না এবং কারও কোনো সুপারিশ গ্রহণ করা হবে না।
এই ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পর, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঘোষালকান্দি এলাকায় টেকেরহাট-খালিয়াগামী সড়কের পাশে মেসার্স তাসনীম মোটরসের সামনে এক বিশেষ অভিযান চালায় পুলিশ।
অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাসুদ লস্কর (৩৫) ও মো. আলমগীর শেখ (৩৪) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক মাসুদের কাছ থেকে ২০ পিস এবং আলমগীরের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
রাজৈর থানার ওসি মো. শেখ আমিনুল ইসলামের সরাসরি নেতৃত্বে এসআই ফরিদ, এসআই নজরুল, এএসআই বিশ্বনাথ ও এএসআই উত্তম এই অভিযান পরিচালনা করেন।
পুলিশ নিশ্চিত করেছে, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এর আগে অনুষ্ঠিত সমাবেশে অন্য বক্তারা বলেন, একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলেই চলবে না। বরং পরিবার, শিক্ষক, মুরব্বি এবং যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

