নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় প্রাইভেটকারের চালকসহ ৪ জন নিহত

নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় প্রাইভেটকারের চালকসহ ৪ জন নিহত
দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিয়ন্ত্রণ হারানো এক বাসের ধাক্কায় প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হয়েছেন। শনিবার দুপুর পৌনে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহাসড়কে তেতৈতলা হাঁস পয়েন্ট চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো পাঁচজন।

বিজ্ঞাপন

নিহত চারজনই প্রাইভেটকারের যাত্রী, যার মধ্যে এর চালকও রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে কক্সবাজারগামী ‘নিউ বলেশ্বর পরিবহন লিমিটেড’-এর একটি বাস তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় পৌঁছালে হঠাৎ সামনে চলে আসা একটি কালো রঙের প্রাইভেটকার ইউটার্ন নেওয়ার চেষ্টা করে। বাসের গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ রক্ষা করতে না পেরে প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি মহাসড়কের রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায় এবং বাসের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে ভেতরে থাকা সবাই আটকে পড়েন। পরে স্থানীয়রা এগিয়ে এসে দ্রুত হতাহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

দুর্ঘটনাস্থলের পার্শ্ববর্তী হামদর্দ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সজল চন্দ্র সরকার জানান, হাসপাতালে আনা রোগীদের মধ্যে দুই নারী ও দুই পুরুষকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়েছে। এছাড়া গুরুতর আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গজারিয়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, প্রাইভেটকারের পাঁচ যাত্রীর মধ্যে চালকসহ চারজন মারা গেছেন। বাসের আহত চার যাত্রীর আঘাত গুরুতর নয়। দুর্ঘটনার পর মহাসড়কে বাসটি উল্টে থাকায় কিছুটা সময় যান চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে পুলিশের চেষ্টায় তা স্বাভাবিক হয়। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন