মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান বলেছেন, ‘শেখ হাসিনা বিশ্বাসঘাতক, বেইমান, ভণ্ড, প্রতারক। সে জাতির সাথে বেইমানি করেছে, দলের সাথেও বেইমানি করেছে। যারা নৌকায় ভোট দিতেন সেই নৌকা কিন্তু এখন আর নাই, নৌকা রয়ে গেছে মাঝি নাই, নৌকা ডুবাই দিয়া মাঝি পালাইছে। আমরা সকলকে অনুরোধ করব আসুন আমরা সবাই মিলে একটি নতুন বাংলাদেশ গড়ি। আমাদের মার্কা যদি থাকে ধানের শীষ তাহলে আমরা বেইমান হবো না।’
বুধবার বিকালে মাদারীপুরের পৌর শহরের জুলি ও কুরী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মাদারীপুর পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া বলেন, আপনারা হয়তো মনে করেছেন আগামী নির্বাচন খুব সহজভাবে পার হওয়া যাবে। এই ধারণা মুছে ফেলতে হবে। আগামী নির্বাচন অত্যন্ত কঠিন এবং কঠোরভাবে হবে। ২০২৬ সালে ফেব্রুয়ারিতে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে বিজয়ী হতে হলে চাঁদাবাজি চলবে না, জমি দখল চলবে না, থানার দালালি চলবে না। জনগণের কাছে যেতে হবে, মা বোনদের কাছে যেতে হবে, ধানের শীষে ভোট চাইতে হবে।
জনগণের ভালোবাসা ছাড়া বিএনপিকে ক্ষমতায় আনা যাবে না, ধানের শীষের প্রার্থীকে বিজয় করা যাবে না। দল যাকে ধানের শীষে মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই নির্বাচন করব। ব্যক্তি রাজনীতিতে আমরা বিশ্বাসী না, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা ধানের শীষে বিশ্বাসী। আমাদের মার্কা একটাই- ধানের শীষ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব গাউস উর রহমান, জেলা যুবদলের আহবায়ক ফারুক ব্যাপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল হাসান প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

