মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক নারী ও এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। উদ্ধার হওয়া নারীর দুই পা রশি দিয়ে বাঁধা ছিল। লাশ দুটির পরিচয় শনাক্তে কার্যক্রম চলমান বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
রোববার (৯ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের চর রমাজানবেগ গ্রামসংলগ্ন মেঘনা নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৩৫ বছর এবং পুরুষের বয়স আনুমানিক ৪৫ বছর বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের ধারণা, প্রায় এক সপ্তাহ আগে তাদের হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। নারীর দুই পা দড়ি দিয়ে বাঁধা থাকায় ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে এ বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ।
গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করা হয়। নারীর দুই পা রশি দিয়ে বাঁধা অবস্থায় ছিল। আর পুরুষের লাশ পচন ধরেছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি মরদেহ দুটির পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

