গাজীপুরের টঙ্গীতে বাসের ধাক্কায় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিনজন রিকশা আরোহী আহত হয়েছেন।
শনিবার ভোর পাঁচটায় টঙ্গীর নিমতলী এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া অটোরিকশাচালকের নাম শাহিন মিয়া (৪৫)। তিনি গাজীপুর মহানগরীর পূবাইল নন্দিবাড়ি এলাকার মৃত বদিউল আলম ব্যাপারীর ছেলে। শনিবার দুপুর পর্যন্ত আহত যাত্রীদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, শনিবার ভোরে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে নিমতলী এলাকায় সিলেটগামী 'বিলাস পরিবহন'-এর একটি যাত্রীবাহী বাস ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ আরো তিনজন আরোহী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টঙ্গীর সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চালকসহ অপর এক যাত্রীর অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে অটোরিকশা চালক শাহিন মারা যান। গুরুতর অন্য যাত্রীদের পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে ।
টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলটি টঙ্গী ও পুবাইল থানার মাঝামাঝি জায়গায়। পূবাইল থানা পুলিশের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

