প্রবাস থেকে ১০ বছর পর মেয়ের বিয়ের স্বর্ণ নিয়ে ফিরছিলেন বাবা, পথে যা ঘটল

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

প্রবাস থেকে ১০ বছর পর  মেয়ের  বিয়ের স্বর্ণ  নিয়ে ফিরছিলেন বাবা, পথে যা ঘটল

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে এক প্রবাসীর কাছ থেকে মেয়ের বিয়ের জন্য আনা স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি ওভারপাসের সামনে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

ভুক্তভোগী আব্দুল মালেক (৪৬) মুন্সিগঞ্জ সদর উপজেলার চরমাসুরা এলাকার বাসিন্দা। তিনি প্রায় এক দশক ধরে মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটানোর পর সম্প্রতি দেশে ফেরেন। দীর্ঘদিনের সঞ্চয়ে মেয়ের বিয়ের জন্য স্বর্ণালঙ্কার নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি।

বিজ্ঞাপন

গাড়িচালকের বর্ণনা অনুযায়ী, ঢাকার সাইনবোর্ড এলাকা পেরিয়ে মুন্সিগঞ্জে যাওয়ার পথে ভোর আনুমানিক ৪টার দিকে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল ডিবি পুলিশের পরিচয় দিয়ে গাড়ি থামায়। এরপর তারা গাড়িতে থাকা যাত্রীদের জিজ্ঞাসাবাদের নামে ভয়ভীতি দেখায় এবং একপর্যায়ে মারধর করে। এ সময় দুর্বৃত্তরা প্রায় আট ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদ জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও অভিযোগকারীকে তখন পাওয়া যায়নি। পরে জানা যায়, ভোর ৩টা ৪৫ মিনিট থেকে ৪টার মধ্যে ডিবি পরিচয়ে দুর্বৃত্তরা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর প্রবাসী আব্দুল মালেক মানসিকভাবে ভেঙে পড়েছেন। বহু কষ্টে উপার্জিত অর্থ দিয়ে মেয়ের বিয়ের জন্য কেনা স্বর্ণ হারিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন