বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আমরা অনেক আন্দোলনের পরে ১৮ বছর পর গণতন্ত্র পেয়েছি। এই গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের মাটিতে স্বৈরাচার আর ফেরত আসতে দেওয়া যাবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না ইনশাআল্লাহ।

শনিবার (১৪ আগস্ট) বিকেলে ফরিদপুরের সালথায় সদর বাজার সংলগ্ন ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

শামা ওবায়েদ বলেন, এই সালথা উপজেলা স্থাপিত করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজ জিয়া পরিবারের জন্য আমরা গর্ব করে বলতে পারি এটা সালথা উপজেলা। আমাদের দুর্ভাগ্য যে- বিনা ভোটের একটি স্বৈরাচারী সরকার গত ১৭ বছর এখানে ছিল। এখানে কোনো ধর্মের মানুষ, কোনো দলের মানুষ ভালো থাকতে পারতো না। এখন আমাদের সময় এসেছে উন্নয়ন করার। আপনারা সকলেই উন্নয়নের জন্য কাজ করবেন এবং কোনো দাঙ্গা হাঙ্গামায় জড়াবেন না।

ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খালেদ সাইফুল্লাহ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন, সালথা থানা ওসি মো. বাবুলুর রহমান খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, বিএনপি নেতা আছাদ মাতুব্বর ও খন্দকার খায়রুল বাসার আজাদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন