বাবা-মায়ের সঙ্গে পূজো দেখতে বেরিয়ে যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভাইবোনের।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকার কাউন্সিল রোডে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নসিমনচালক ও তার সহকারী এবং ভ্যানের এক যাত্রী গুরুতর আহত হন।
নিহত দুই শিশু হলো উপজেলার মিশ্রীদেয়ারা গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) ও মেয়ে দিশা (৩)। সাধন কুমার যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ইঞ্জিনচালিত ভ্যানে করে দুর্গাপূজামণ্ডপের উদ্দেশে বের হয়েছিলেন সাধন কুমার। পথে তাদের ভ্যানটির সঙ্গে গরু বহনকারী একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষে শিশু দুটি নিহত হয়।
দুই সন্তানকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মর্মান্তিক এ ঘটনায় শোকাহত স্বজনদের পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও শোকের আবহ বিরাজ করছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত দুই শিশুর লাশ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

