‘কুখ্যাত সন্ত্রাসী চাকমা জাহাঙ্গীর’ প্রতিপক্ষের হাতে খুন

উপজেলা প্রতিনিধি, গোপালপুর (টাঙ্গাইল)

‘কুখ্যাত সন্ত্রাসী চাকমা জাহাঙ্গীর’  প্রতিপক্ষের হাতে খুন
চাকমা জাহাঙ্গীর

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার কুখ্যাত সন্ত্রাসী চাকমা জাহাঙ্গীর খুন হয়েছেন।

বুধবার ভোর রাতে মাদক ও বালু ব্যবসা এবং চাঁদাবাজির টাকা ভাগবাটোয়ারার দ্বন্দ্বে প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন বলে জানায় থানা পুলিশ।

বিজ্ঞাপন

হেমনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উমর আলী জানান, চাকমা জাহাঙ্গীর গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের মধ্য শাখারিয়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে।

তার বিরুদ্ধে গোপালপুর, ভূঞাপুর ও মির্জাপুর থানায় মাদক, চাঁদাবাজি, নারী নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দেড় ডজন মামলা রয়েছে।

টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের নিকট দায়ের করা এলাকাবাসীর অভিযোগে জানানো হয়, যমুনার ঘাটে অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণ, মাদক ব্যবসা, ছিনতাই, সড়ক পথে ডাকাতি, নারী নির্যাতন ও চাঁদাবাজির সংঘবদ্ধ একটি গ্যাং চালাতেন চাকমা জাহাঙ্গীর।

এদের অপরাধের কারণে টাঙ্গাইল ও জামালপুরের যমুনা তীরের জনপদ অশান্ত হয়ে উঠে।

মঙ্গলবার গভীর রাতে চাকমা জাহাঙ্গীর অজ্ঞাত স্থান থেকে ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই বাজারে আসে। সেখান থেকে নলিন বাজারের ফেরার পথে শাখারিয়া স্লুইস গেট এলাকায় প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। কুপিয়ে মারাত্মক জখম করে। আহত অবস্থায় প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করে।

গোপালপুর থানার ওসি গোলাম মুক্তাদির আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,‘বহু মামলার আসামি সন্ত্রাসী চাকমা জাহাঙ্গীরের নাগাল পাচ্ছিল না পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে রয়েছে। দুপুর ২.৩০টা পর্যন্ত কেউ থানায় মামলা দায়ের করেনি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...