রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে বিকল পড়ে আছে গুরুত্বপূর্ণ এক্স-রে মেশিন। প্রায় দেড় বছর ধরে অকার্যকর এই মেশিনের কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে এবং ভোগান্তিতে পড়ছে রোগীরা। একই সঙ্গে মেডিকেল টেকনিশিয়ান (রেডিওলজি) পদটিও দীর্ঘদিন ধরে শূন্য থাকায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০ শয্যাবিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে চার শতাধিক রোগী চিকিৎসা নিতে আসে।
এখানে থাকা জাপানে তৈরি একোমা-১০০ মডেলের এনালগ এক্স-রে মেশিনটি ১৯৮৫ সালে স্থাপন করা হয়। প্রথম দিকে মেশিনটি সচল থাকলেও পরবর্তীতে বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে বারবার বিকল হতে থাকে। মেরামতের মাধ্যমে কোনোভাবে চালু রাখা হলেও গত বছরের ২৫ মার্চ থেকে এটি সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়ে।
একই সময় থেকে মেডিকেল টেকনিশিয়ান (রেডিওলজি) পদটিও শূন্য রয়েছে। দীর্ঘদিনেও পদটি পূরণ না হওয়া এবং মেশিনটি মেরামতের উদ্যোগ না থাকায় এক্স-রে সেবা বন্ধ রয়েছে। ফলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা করাতে না পেরে রোগীদের বাধ্য হয়ে বাইরে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে, যা তাদের জন্য বাড়তি ভোগান্তি ও খরচের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভুক্তভোগী কয়েকজন রোগী জানান, সরকারি হাসপাতালে সেবা না পেয়ে বাইরে গিয়ে অতিরিক্ত টাকা খরচ করে এক্স-রে করতে হচ্ছে। এতে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফ হাসান বলেন, এখানে আধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন নেই। পুরোনো এনালগ মেশিনটি অকেজো হয়ে গেছে এবং রেডিওলজি টেকনিশিয়ানের পদটিও শূন্য রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

